
স্টাফ রিপোর্টার : শেওলা স্থলবন্দরে অবৈধ ভারতীয় রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টার অভিযোগে একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে ৫২ বিজিবি। এ ঘটনায় ট্রাকের চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও ট্রাকটি এখনো বিজিবির জিম্মায় রয়েছে।
বিজিবি সূত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আটক ভারতীয় ট্রাকচালকের নাম নিখিল দাস (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত জলধার দাস।
বিজিবি আরও জানায়, নিখিল দাসের পাথরবাহী ট্রাক বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি অধীনস্থ শেওলা আইসিপি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে আসে। পাথর আনলোড করার পর ট্রাকটি ৭ মার্চ সন্ধ্যায় ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়ে। এ অবস্থায় তিনি বাংলাদেশে অবস্থিত ‘নাদিয়া স্টোর’ নামের একটি দোকান থেকে ভারতীয় মুদ্রা রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন।
সরাইল রিজিয়নের অধিনস্থ শ্রীমঙ্গল সেক্টরের প্রত্যক্ষ নির্দেশনায়, তেল পাচার রোধে, শক্ত গোয়েন্দা নজরদারির কারণে তেল পাচার প্রতিরোধ সম্ভব হয়।
৫২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আতাউর রহমান জানিয়েছে, সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ যেকোনো ধরনের অবৈধ লেনদেন ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও দুই দেশের প্রচলিত নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.