
শ্রীমঙ্গল প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শ্রীমঙ্গলে জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই শহরের বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের ভিড় বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটার ব্যস্ততা, আর তাতে শহরের বাজারগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
শহরের স্বনামধন্য এমবি ক্লথ স্টোর, বসুন্ধরা শপিং সিটি, উজ্জ্বল বস্ত্রালয়, আল-হামরা বস্ত্রবিতান, বিলাস ডিপার্টমেন্টাল স্টোরসহ বিভিন্ন বিপণিবিতান, শপিংমল এবং ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এবার রোজার প্রথম সপ্তাহ থেকেই ঈদের কেনাকাটা শুরু করলেও শেষ সময়ের দিকে বাজারগুলোতে মানুষের উপস্থিতি আরও বেড়েছে।
বাজারে নতুন পোশাক, জুতা, কসমেটিকস ও শিশুদের ঈদ সামগ্রীর দোকানগুলোতে সবচেয়ে বেশি ক্রেতা সমাগম দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন এসব দোকানে। ব্যবসায়ীরা জানান, ঈদ যতই ঘনিয়ে আসছে, বিক্রিও ততই বাড়ছে। বিশেষ করে বিকেল ও রাতের দিকে বাজারগুলোতে ক্রেতাদের চাপ সবচেয়ে বেশি থাকে।
এমবি ক্লথ স্টোরের পরিচালক কামরান আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠানে বরাবরের মতোই ক্রেতাদের জন্য নিত্য নতুন ও আধুনিক ডিজাইনের পোশাকের সমাহার রাখা হয়েছে। প্রতি বছরের মতো এবারও আমরা চেষ্টা করেছি আগের চেয়ে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় কালেকশন নিয়ে আসতে, যাতে সব বয়সী ক্রেতারা তাদের পছন্দের পোশাক সহজেই খুঁজে পান একই ছাদের নিচে। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও রঙিন করতে আমরা উন্নত মান, নতুন ডিজাইন এবং সাশ্রয়ী দামের পোশাক সংগ্রহ করেছি। আমাদের বিশ্বাস, এবারের ঈদে এমবি ক্লথ স্টোরের কালেকশন ক্রেতাদের জন্য হবে ভিন্নধর্মী ও আনন্দময় এক অভিজ্ঞতা।
সরেজমিন মার্কেটগুলো ঘুরে দেখা যায়, এবারের ঈদে শ্রীমঙ্গলের সব মার্কেটগুলোতেই ক্রেতাদের উপচে পড়া ভীড়। নারীদের পোশাকের মধ্যে ফারসি ড্রেস, গাউন, ফ্রক ও লেহেঙ্গার চাহিদা বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন ফ্যাশন হাউজে এসব পোশাক কিনতে ভিড় করছেন নারী ক্রেতারা। একই সঙ্গে শিশু ও পুরুষদের জন্যও কেনাকাটা চলছে সমানতালে। পুরুষদের মধ্যে পাঞ্জাবি, টিশার্ট, গেঞ্জি ও ফতুয়ার চাহিদা বেশি। আর শিশুদের ঈদের পোশাকের পাশাপাশি স্মার্ট ওয়াচ, গাড়ী, বিভিন্ন ধরনের খেলার সামগ্রীর চাহিদাও প্রচুর। সাথে ছোট ছোট মেয়ে ও নারীদের পছন্দের কসমেটিক্স ত আছেই।
অপরদিকে বিলাস ডিপার্টমেন্টাল স্টোরও ক্রেতাদের নজর কাড়তে পিছিয়ে নেই। নিত্যনতুন পোষাক ও বৈচিত্র্যময় আকর্ষণীয় কালেকশনের সমাহারে দোকানটি হয়ে উঠেছে ফ্যাশনপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য।
মির্জপুর ইউনিয়নের মাইনুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, এবার ঈদে ফারসি ড্রেস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, মেয়ের জন্য পোশাক কিনতে এসে প্রায় সব দোকানেই ফারসি ড্রেসের চাহিদা দেখেছি। নিজের জন্যও একটি পাঞ্জাবি নিয়েছি। তবে শিশুদের পোশাকের দাম কিছুটা বেশি মনে হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, অন্য বছরের তুলনায় এবার কাপড়ের দাম কিছুটা বেশি। ফলে অনেক পরিবার পছন্দের পোশাক কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন। তবে দোকানিরা বলছেন, পাইকারি বাজারে কাপড়ের দাম বাড়ার কারণে খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।
অন্যদিকে ক্রেতাদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা যাতে নিবিঘ্নে ও নিরাপদে কেনাকাটা করতে পারেন, সে লক্ষ্যে বাজার এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে ঈদকে ঘিরে উৎসবের আমেজে প্রাণচঞ্চল হয়ে উঠেছে শ্রীমঙ্গলের ঈদের বাজার। ক্রেতা ও বিক্রেতার সরব উপস্থিতিতে শহরের বাজারগুলোতে এখন চলছে প্রাণবন্ত ঈদ আনন্দের প্রস্তুতি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.