
স্টাফ রিপোর্টার : মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
১ মে শুক্রবার সকাল ১০ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয় যা জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক, স্থানীয় সরকার রুবেল মাহমুদ বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শ্রমিকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও সুরক্ষিত শ্রমশক্তি অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা। বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর জোর দেন।
সভায় জানানো হয়, ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্বাগত বক্তব্য দেন উপপরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। শ্রমিকদের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.