
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের জন্য পাঁচ দিনব্যাপী বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও উন্নত মানের চশমা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৬ মে সকালে মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ভিশন স্প্রিং এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আগামী ১১ মে পর্যন্ত জেলার সকল পরিবহন শ্রমিকদের এই সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: আব্দুর রহিম রিপন বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। প্রতিদিন দীর্ঘ সময় রাস্তায় দায়িত্ব পালন করতে গিয়ে তাদের চোখের ওপর ব্যাপক চাপ পড়ে। অথচ অনেকেই নিয়মিত চোখের পরীক্ষা করানোর সুযোগ পান না। এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও মানবিক।
তিনি আরও বলেন, শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা মানে নিরাপদ সড়ক নিশ্চিত করা। চোখের সমস্যার কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে, তাই এ ধরনের কার্যক্রম সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ চিকিৎসা কার্যক্রমে ডা: আশরাফুল আলম রাহাত ও ডা. মোতাচ্ছিম বিল্লাহর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ টিম অংশ নিচ্ছে। তারা শ্রমিকদের চোখ পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও উন্নত মানের চশমা প্রদান করছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.