
শ্রীমঙ্গল প্রতিনিধি : ইংল্যান্ডের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির জন্য যখন নানা জায়গায় হতাশার খবর আসছিল এবং রিফর্ম ইউকে-এর উত্থান আলোচনায় ছিল, ঠিক সেই সময়ও নিজের জনপ্রিয়তা ও অবস্থান অটুট রেখেছেন শ্রীমঙ্গলের মেয়ে শাহানিয়া চৌধুরী।
তিনি ওয়েল্ডস্টোন উত্তর ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার এই জয় লেবার পার্টির স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
জানা যায়, এই ওয়ার্ডের দুইটি কাউন্সিলর আসন দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে লেবার পার্টি এর দখলে ছিল। তবে এবারের নির্বাচনে একটি আসন কনজারভেটিভ পার্টি -এর কাছে চলে যায়। এমন পরিস্থিতিতে কাউন্সিলর শাহানিয়া চৌধুরীর বিজয় লেবার পার্টির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশি বংশোদ্ভূত শাহানিয়া চৌধুরীর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামে। তার পিতা শহিদুল হক চৌধুরী লিটন দীর্ঘদিন ধরে বৃটেনের মূলধারার রাজনীতি ও বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শাহানিয়া চৌধুরী ইতোমধ্যেই বৃটেনের বাংলাদেশি কমিউনিটিতে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন। শাহানিয়া চৌধুরী শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক তুহিন চৌধুরী'র চাচাতো বোন।
উল্লেখ্য, গত স্থানীয় নির্বাচনে তিনি যুক্তরাজ্যের প্রথম শ্রীমঙ্গলী নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। এবার টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে তিনি শ্রীমঙ্গলবাসীর গর্ব আরও উজ্জ্বল করলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.