
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে সরকারি মেডিকেল ও স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মৌলভীবাজার চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১২ মে মঙ্গলবার সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার আহ্বায়ক বিজয় দাস, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সংগঠক সবুজ শর্মা, পূজা দেব, শাহমোস্তফা কলেজ সংগঠক সুরাইয়া হক, রাজনগর সরকারি কলেজ সংগঠক অমন গোস্বামী, কমলগঞ্জ উপজেলা সংগঠক রেদোয়ান আহমেদ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সোমেল আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং সমাবেশে উপস্থিত থাকেন।
অভিভাবকদের মধ্য থেকে সমাবেশে সংহতি বক্তব্য রাখেন খছরু চৌধুরী। সমাবেশ পরবর্তীতে সরকারি মেডিকেল কলেজ ও স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ আর অপরূপ সৌন্দর্য, এবং মানব সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ জেলা মৌলভীবাজার। প্রায় ২২ লক্ষাধিক জনগণের বসবাস এই জেলায়। মুক্তিযুদ্ধের ৫৫ বছর অতিক্রান্ত হলেও মৌলভীবাজার জেলার জনগণ শিক্ষা-স্বাস্থ্য অধিকার থেকে চরম বঞ্চিত। এই বিরাট জনসংখ্যার জন্য নেই সরকারি আয়োজনে মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়। জেলার সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান বলতে জেলা সদরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যা চরম চিকিৎসা সংকটে জর্জরিত। চিকিৎসা সরঞ্জাম বেশিরভাগ সময় অকার্যকর থাকায় এবং চিকিৎসক সহ প্রয়োজনীয় আয়োজনের সংকট থাকায় রোগীদের সেবাপ্রাপ্তিতে ব্যাঘাত ঘটে। আবার জটিল অবস্থা তৈরি হলে সদর হাসপাতালে চিকিৎসা সম্ভব হয় না এবং চিকিৎসকরা তখন সিলেট বা অন্যত্র চিকিৎসার পরামর্শ দেন। দরিদ্র জনগণের জন্য যা মরার ওপর খাঁড়া ঘা হয়ে দাঁড়ায়। মৌলভীবাজার জেলার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে এই জনপদের জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়ন করতে হবে, যা আমরা এই সভা থেকেও জোর দাবি জানাচ্ছি। অপরদিকে ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই জেলায় জ্ঞান-বিজ্ঞান চর্চায় এবং শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলতে যা খুবই গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় সেটিও নেই। মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় না থাকায় বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের ঢাকা, সিলেট সহ দেশের অন্যত্র গিয়ে ভর্তি হতে হয়, যার ফলে শিক্ষার্থীর পরিবারকে অতিরিক্ত আর্থিক চাপ নিতে হয় এমনকি অনেককে ইচ্ছা থাকলেও উচ্চ শিক্ষায় ভর্তি হয় না বা হতেও পারে না।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলেছিলেন, বিশ্ববিদ্যালয় হলো, বিশ্ব বিদ্যার আলোয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তাবত জ্ঞান-বিজ্ঞান, আবিষ্কার এবং গবেষণার ও সংস্কৃতির চর্চা হবে। বিশ্ববিদ্যালয় ঐ জনপদের শিক্ষার প্রতি একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। ফলে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে নিতে মৌলভীবাজারে দ্রুততম সময়ের মধ্যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে। একই সাথে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারি বৃদ্ধির দাবি রইল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.