
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার ২৩ মে সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় এবং বিকেলে পৌরসভার সোনা মিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো পূর্ব নোয়াগাঁও এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) এবং সোনা মিয়া রোড এলাকার ইদ্রিস আলীর আড়াই বছরের মেয়ে জামিনা ফেরদাউস।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় শিশু রাফি খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বিকেলে পৌরসভার সোনা মিয়া রোড এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে যায় শিশু জামিনা ফেরদাউস। এলাকার অপর এক শিশু বিষয়টি দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, সকালে ও বিকেলে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.