
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদে বর্তমান প্যানেল চেয়ারম্যান রামদুলারী নুনিয়াকে অপসারণের পায়তারা চলছে। এবিষয়ে ৭ ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবরে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছেন।
স্থানীয় ইউপি সদস্যরা জানান, ৭ জুন মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে টেংরা ইউনিয়ন পরিষদে বর্তমান ওয়ার্ড সদস্য মো: পাবলু মিয়া, সত্য নারায়ন নাইড়ু, বাবুল পাশী, মো: সানুর মিয়া, মো: মশাহিদ মিয়া, মহিলা সদস্য আমিরুন বেগম, মহিলা সদস্য মিন্টু রানী সেন লিখিত আবেদন করেছেন।
আবেদনে তারা উল্লেখ করেন, বর্তমান প্যানেল চেয়াম্যান রামদুলারী নুনিয়া একজন শিক্ষিত, সৎ ও যোগ্য মহিলা। তার বিরুদ্ধে মিথ্যা আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাকে সরিয়ে অন্য সদস্যকে দায়িত্বে বসাতে কাজ করছে প্রভাবশালী ও স্বার্থন্বেষী মহল। ইউপি নির্বাচনের পর থেকে নুনিয়া সকল সদস্যের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগে বলা হয়, প্যানেল চেয়ারম্যান-২ মোঃ মতিন মিয়া বিগত দিন থেকে রামদুলারী নুনিয়ার সাথে অকারণে ষড়যন্ত ও ঝগড়ায়-লিপ্ত হয়ে আসছেন। সকল ইউপি সদস্যবৃন্দের দাবী করেন, রামদুলারী নুনিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্ত করতে হবে। তদন্তে তিনি দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা, আর নির্দোষ প্রমাণ হলে তাকেই দায়িত্বে বহাল রাখতে হবে। অন্য কোনো ইউপি সদস্যকে দায়িত্ব দিলে তারা নিজ পদ থেকে অব্যাহতি নেবেন বলে আবেদনে উল্লেখ করেন।
ইউপি সদস্যরা আবেদনের অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার পরিচালক ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.