
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ থেকে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০টাকা এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মাদক কারবারি জালাল মিয়া (৫৫) ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী মাদক বিরুদ্ধী অভিযান জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে শনিবার ১৩ জুন বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জালাল মিয়ার বাড়িতে অভিযানে নামেন ডিবি সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে জালাল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের সিলিংয়ের ওপর রাখা চারটি প্যাকেট থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং শয়নকক্ষের বক্স খাটের ড্রয়ারে বিক্রির জন্য প্রস্তুত অবস্থায় রাখা আরও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) উত্তম কুমার বিশ্বাস। পলাতক আসামি জালাল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭ টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.