
স্টাফ রিপোর্টার : প্রান্তিক পর্যায়ের জনগণকে ও সরকারের উন্নয়ন উপকারভোগিদের সেবা সহজে পৌঁছানোর সহযোগিতাসহ সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে জনগণের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণে দলীয় নেতাকর্মীদের নিবেদীত হয়ে কাজ করার দিক নির্দেশনা দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরামর্শসহ জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিএনপি মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও রাজনৈতিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে সাংগঠনিক এমন নানা দিক নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার ১৭ জুন সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর গিয়াসনগর এলাকায় দুসাই রিসোর্টে এম সাইফুর রহমান কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা,উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাজনৈতিক মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডা. জে এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি, বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিষ্টার জহরত আদিব চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা মাহিদুর রহমান, ড. এনামুল হক, ব্যারিষ্টার আব্দুস সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মুজিবুর রহমান মজনু প্রমুখ।
জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় প্রধানমন্ত্রীর কাছে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন। সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যরা, উপজেলা ও পৌর বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দ, যুবদল,ছাত্রদল, শ্রমিকদল,কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.