
মোস্তফা সালেহ লিটন : মানব সভ্যতা আজ এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। পৃথিবী তার নিজস্ব নিয়মে অবিরাম ঘুরে চলছে কিন্তু মানুষের জীবন ও সমাজ ব্যবস্থা যেনো ক্রমেই ভারসাম্য হারিয়ে ফেলছে। সৃষ্টিকর্তা যুগে যুগে মানবজাতিকে তাদের অন্যায়, অবিচার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করেছেন। নানা দুর্যোগ, বিপর্যয় ও মহামারীর মাধ্যমে মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ,পৃথিবীতে মানুষের ক্ষমতা সীমিত। অতি সম্প্রতি একটি অদৃশ্য শক্তির কাছে পুরো বিশ্ব অসহায় হয়ে পড়েছিল। এক মহামারী মুহূর্তের মধ্যে মানুষের অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছিল। উন্নত প্রযুক্তি, অর্থনৈতিক শক্তি কিংবা সামরিক ক্ষমতা কোন কিছুই তখন মানবজাতিকে রক্ষা করতে পারেনি। মৃত্যুর মিছিল থামানোর উপায় না পেয়ে মানুষ শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার কাছেই আশ্রয় প্রার্থনা করেছিল কিন্তু সময়ের ব্যবধানে সেই শিক্ষা যেন আবারও ইতিহাস হয়ে গেছে। পুরনো অহংকার, ক্ষমতার দম্ভ ও আত্মকেন্দ্রীক স্বার্থপরতা নতুন করে আবারো সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীতে অসংখ্য জাতি ও গোষ্ঠীর উত্থান ও পতন ঘটেছে। তাদের অনেকেই অন্যায়, অত্যাচার ও সীমা লংঙ্গনের কারণে ধ্বংস হয়ে গেছে। অথচ সেই ইতিহাস থেকেও আমরা শিক্ষা নিতে চাই না বরং বর্তমান পৃথিবী যেনো আরও বেপরোয়া হয়ে উঠেছে। মানবিক মূল্যবোধের চেয়ে ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার প্রতিযোগিতা এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পৃথিবীর নানা প্রান্তে অশান্তি, সংঘাত ও বিভেদের আগুন জ্বলছে। যেখানেই শান্তির সুবাতাস বইতে শুরু করে, সেখানেই যেন অশান্তির দামামা বেজে ওঠে। এই অসুস্থ প্রতিযোগিতায় মানবতার মূল্য ক্রমশই হারিয়ে যাচ্ছে। মানুষ ভুলে যাচ্ছে যে জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। মুহূর্তে কী ঘটবে, তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির মধ্যেও মানবজাতি প্রতিদিন যে ভয়াবহ ও বিভৎস ঘটনার স্বাক্ষী হচ্ছে, তা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। অনেক ক্ষেত্রেই মনে হয়, পবিত্র কোরআনে বর্ণিত সতর্কবার্তা গুলো ধীরে ধীরে বাস্তবতায় রূপ নিচ্ছে। মানুষের নৈতিক অবক্ষয়, অন্যায়, অবিচার এবং মানবিকতার সংকট দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। আমার বিশ্বাস, পৃথিবীতে যতদিন সামান্যতম মানবতা বেঁচে থাকবে ততদিন এই পৃথিবীও টিকে থাকবে। কিন্তু বর্তমান সময়ের অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় আমাদের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরছে। আমরা কি সত্যিই সঠিক পথে আছি? নাকি ধীরে ধীরে এমন এক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি, যেখান থেকে ফিরে আসার সুযোগ থাকবে না? সময় একদিন ফুরিয়ে আসবেই। সেদিন প্রত্যেক মানুষকে তার কর্মের জবাব দিতে হবে। সৃষ্টিকর্তার কাছে জবাব দিহীতার জন্য আমাদের প্রস্তুতি কতটুকু?
লেখক: মোস্তফা সালেহ লিটন, কার্ডিফ, যুক্তরাজ্য।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.