
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ দোয়া ও প্রার্থনা, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সড়কসজ্জা এবং শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
জেলা প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট বুধবার সকাল ১০টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া জেলার সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।
সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র এবং অন্যান্য প্রতিষ্ঠানে বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা থাকবে।
দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসভিত্তিক তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, জেলার গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.