
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন জুলাই রক্তাক্ত বিপ্লবের পর একটি কল্যাণকর ও ইনসাফ ভিত্তিক নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত এগিয়ে যাচ্ছে। জনগণ জামায়াতকে সরকারি দলের আসনে দেখতে চায়। আগামীর বাংলাদেশ পরিচালনায় দায়িত্বশীলদের মেধা ও প্রজ্ঞায় আরো সমৃদ্ধ হয়ে তৈরি হতে হবে। এক্ষেত্রে ইউনিয়ন দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মৌলভীবাজার জেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শুক্রবার ২১ আগস্ট সকালে মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হলে জেলার ৬৭ ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী। জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে ‘আদর্শ সংগঠকের ভূমিকা’ শীর্ষক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো: ফখরুল ইসলাম। মহাগ্রন্থ আল কুরআনের সূরা আল মুমিনুন হতে দারস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শেখ আব্দুল হক।
দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ ও আব্দুল কুদ্দুস নোমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম, নির্যাতন ও জাতীয় নেতৃবৃন্দের ফাঁসি দিয়ে ইসলামী আন্দোলনের গতিপথ স্তব্ধ করা যায়নি। হাজারো শহীদের রক্তে গড়া এ সংগঠন দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে। শহীদ নেতৃবৃন্দের সন্তানদের জনগণ সংসদে পাঠিয়ে সকল মিথ্যা অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আমাদের নেতৃবৃন্দের ফাঁসির পর অনেকেই মিষ্টি বিতরণ করেছে। আজ তারা নিজের ভুলের জন্য লজ্জিত হচ্ছে। অতীতের জুলুমবাজদের মতো বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের ম্যান্ডেডকে গুরুত্ব না দিলে আগামীতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
প্রধান অতিথি বলেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে শুধুমাত্র দুর্নীতি বন্ধ করতে পারলে মাত্র ছয় মাসে দেশ অনেক দূর এগিয়ে যাবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণ দুর্নীতির বিরুদ্ধে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থীকে সমর্থন দেবে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.