
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিক্স জব্দ করা হয়েছে।
রোববার ২৩ আগস্ট দুপুরে শ্রীমঙ্গল বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২২ আগস্ট শনিবার বিকেলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি, হবিগঞ্জ ৫৫ বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যের সিজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা। দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
আইনানুগ ব্যবস্থা নিতে এসব পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.