
মাহফুজ শাকিল : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ মনগড়া প্রার্থী হতে যাবেন না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে যাতে স্ব স্ব ইউনিয়ন থেকে প্রার্থীরা বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে। যদি কেউ দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হন তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এমনকি দল থেকে বহিষ্কারও করা হবে।
রবিবার ২৩ আগস্ট দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে। সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দলীয় প্রতিবেদনের মাধ্যমে সমন্বয় করে যোগ্য বিবেচনা করে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। এসময় এমপি শওকতুল ইসলাম উপস্থিত চেয়ারম্যান প্রার্থীদের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনি কেন প্রার্থী হবেন, উদ্দেশ্য কি, কেন লোক আপনাকে ভোট দিবে এবং দলীয় মনোনয়ন না পেলে দলের সিদ্ধান্ত মেনে নিবেন কি। জবাবে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের পক্ষে সাফাই গেয়ে বলেন, তারা বিগত সময়ে দলের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। হামলা-মামলার শিকার হয়ে রাজপথে থেকে ত্যাগ স্বীকার করে দলকে সুসংগঠিত করেছেন। তাই তারা প্রত্যেকে মনোনয়ন পাবার যোগ্য দাবিদার। তবে একাধিক প্রার্থী থাকলে দল যাকে মনোনয়ন দিবে তাঁর পক্ষে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হবেন না মর্মে শপথ নেন অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীরা। এমপি শওকতুল ইসলাম ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে শপথ পাঠ করান বিএনপি নেতা এস এম জামান মতিন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, বিএনপি নেতা এস এম জামান মতিন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বলেন, এমপি শওকতুল ইসলামের আহবানে উপজেলার ১৩ ইউনিয়নের প্রায় ৬০-৬৫ জন চেয়ারম্যান প্রার্থী মতবিনিময়সভায় অংশ নেন। তাদেরকে নির্দেশনা দেয়া হয়, দলীয় প্রতীক না থাকলেও দল থেকে একজনকে মনোনয়ন দেয়া হবে। সেই প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কেউ আলাদা প্রার্থী হতে পারবেনা। দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাবার সুযোগ নেই। দলের সিদ্ধান্ত মানবেন মর্মে শপথ গ্রহণ করেন সকল প্রার্থীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.