
শ্রীমঙ্গল প্রতিনিধি : সবুজে ঘেরা চা-বাগানের সৌন্দর্য আরও বাড়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা-বাগান এলাকায় কয়েক শতাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। ‘সবুজ পৃথিবী গড়ি, আসুন একটি করে গাছ লাগাই’-এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ তৈরির বার্তাও দেওয়া হয়েছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মিনহাজ উদ্দিন জানান, গত তিন বছর ধরে সংগঠনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। তাই প্রতিবছর বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছগুলো যাতে বেঁচে থাকে, সেদিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।
২৯ আগস্ট শনিবার শ্রীমঙ্গলে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মোহাম্মদ শিপন জামান।
ভুরভুরিয়ার চা-বাগানের সবুজ প্রাকৃতিক পরিবেশে নতুন করে যুক্ত হওয়া এসব ফলজ ও বনজ চারা ভবিষ্যতে ছায়া, ফল ও কাঠের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
একটি চারা আজ ছোট, কিন্তু যত্ন পেলে একদিন সেটিই হয়ে উঠবে একটি বড় গাছ। আর শত শত গাছের সম্মিলিত ছায়ায় গড়ে উঠতে পারে আরও সুন্দর, শীতল ও সবুজ ভুরভুরিয়া এলাকা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.