
শ্রীমঙ্গল প্রতিনিধি : ২০২৬ সালের দাখিল পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা। এবারের দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে মোট ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪১ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে একজন জিপিএ-৫ এবং চারজন জিপিএ-৪ অর্জন করেছে।
শিক্ষার্থীদের এ সাফল্যে মাদ্রাসাজুড়ে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ। ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ কৃতকার্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শহিদ আহম্মদ নঈমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মাদ জুলফিকার আলী (বাবুল)।
এ সময় মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি শেখ মোহাম্মাদ ছালেক হাসান, মোহাম্মাদ কবির আহমদ, মোহাম্মাদ আব্দুল কাদির জিলানীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এ ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। পাশাপাশি আগামী বছরগুলোতে আরও বেশি শিক্ষার্থীকে জিপিএ-৫সহ ভালো ফলাফল অর্জনে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন উত্তীর্ণ হওয়ায় সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা শ্রীমঙ্গলে দাখিল পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ স্থান অর্জন করেছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.