
স্টাফ রিপোর্টার : ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন না হলে আওয়ামী লীগের সঙ্গে ফাইট করত কে? মুসলিম লীগ শেষ, জাসদ শেষ, এদেশের রাজনীতি কী দাঁড়াত? এ প্রশ্ন রেখেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
তিনি বলেন, আজকের এই দিনে আমরা শ্রদ্ধচিত্তে স্মরণ করব সেই মহামানুষকে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তিনি বাংলাদেশের শুধু উন্নয়ন করে দিয়ে যাননি, বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিটা যাতে সঠিক পথে চলতে পারে, সেই ব্যবস্থাও করে দিয়ে গেছেন।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার শহরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল আনন্দ শোভাযাত্রার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই দলটা যদি না বানাতেন, তাহলে আওয়ামী লীগের সঙ্গে কারে নিয়ে ফাইট হতো? মুসলিম লীগ শেষ, জাসদ শেষ। এদেশের রাজনীতি কী দাঁড়াইতো?
তিনি বলেন, ভাইয়েরা, আপনারা জানেন না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ১০ জন মন্ত্রী দিয়ে বানানো হয়েছিল, তার মধ্যে সাইফুর রহমান একজন ছিলেন। এই দলের প্রতিষ্ঠাতা ১০ জন সদস্যের মধ্যে মরহুম সাইফুর রহমান একজন ছিলেন।
মৌলভীবাজারের মানুষের জন্য বিষয়টি গর্বের উল্লেখ করে তিনি বলেন, তাই আমরা মৌলভীবাজারীরা একটু গর্ব করতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনে মৌলভীবাজারেরও অংশগ্রহণ ছিল। জেলা তো ৬৪টি। ছিলেন কেবল ১০ জন। অন্যান্য জেলারও ছিলেন মন্ত্রী। কিন্তু তাদের কোনো উত্তরসূরি কেউ নাই রাজনীতিতে। আমি নগণ্য একজন ছাড়া কেউই নাই রাজনীতিতে।
বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে নাসের রহমান বলেন, আমাদের এই দলে ৪৮ বছর পার হয়ে আসছে। আজকে সারা বাংলাদেশে ও প্রবাসী বাংলাদেশিরা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পরিশেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন ইউনিয়ন, সদর ও রাজনগর উপজেলা, পৌর এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এটি সার্থক করে তোলার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
বিশেষ করে উপজাতি, নৃগোষ্ঠী ও নারীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশেষ করে উপজাতি, নৃগোষ্ঠী ও নারীদের অংশগ্রহণ করায় ধন্যবাদ জানাই। আমি আশা প্রকাশ করি, আগামীতেও সকল কর্মসূচিতে অংশ নিয়ে সার্থক করে তুলবেন।
এদিকে নাসের রহমানের নেতৃত্বে আয়োজিত বিশাল শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার থেকে বের হয়ে চৌমুহনা হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
বিকেল ৩টা থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা সদর ও রাজনগর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, জাসাস, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ছবি সম্বলিত বড় বড় ফেস্টুন বাদ্যযন্ত্রসহ দলীয় সংগীতের মাধ্যমে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় অংশ নেন- জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিত, বকসি মিসবাহ উর রহমান, মো: ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. হেলু মিয়া, মুহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, মাহবুব ইজদানী ইমরান, শ্যামলী সূত্র ধর, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলন, সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন মাস্টার, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, পৌর বিএনপির সভাপতিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.