
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পাহাড় থেকে সংগ্রহ করা কলার ছড়িতে জড়িয়ে বাজারে চলে আসে একটি ফণীমনসা সাপ। হঠাৎ কলার ছড়ার ভিতর থেকে সাপ বেরিয়ে আসতে দেখে বাজারে থাকা লোকজনের মধ্যে সাপ আতংক ছড়িয়ে পড়লে কলা ব্যবসায়ী সুরেন্দ্র দেবনাথ শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনাটি ঘটে মঙ্গলবার ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল নতুনবাজারস্থ কলা বাজারে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কলার আড়ৎ থেকে উদ্ধার করা সাপটি একটি ফনিমনসা সাপ। (সাধারণত ক্যাট স্নেক)। সাপটি মৃদু বিষধর। তবে এদের বিষ মানুষের জন্য প্রাণঘাতী বা ক্ষতিকর নয়। এই বিষ দিয়ে এরা মূলত টিকটিকি, গিরগিটি বা ছোট পাখি ও শিকার অবশ করে খেয়ে থাকে। রাতেই সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.