
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬নং সাগরনাল ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাগরনাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকতের সঙ্গে মতবিনিময় করতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন।
রোববার ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় উপজেলার কলাবাড়ি বাজারস্থ হাজী ইব্রাহীম আলী কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত সাগরনাল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, আপনারা জানেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে থাকার সুযোগ পেয়েছি। আপনাদের ভোটে আমি দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এই দীর্ঘ সময়ে আমি চেষ্টা করেছি—সাগরনাল ইউনিয়নের প্রতিটি মানুষকে শান্তিতে রাখতে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াতে এবং আমার সাধ্য অনুযায়ী এলাকার মানুষের সেবা করতে। আমি বিশ্বাস করি, চেয়ারম্যান মানে শুধু একটি পদ নয়—চেয়ারম্যান মানে মানুষের দায়িত্ব নেওয়া, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে রাজনীতি করে আসছি। ১৯৯১ সালে ছাত্রদলের মাধ্যমে আমার রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তীতে সাগরনাল ইউনিয়ন ও কুলাউড়া এলাকায় বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দলীয় কাউন্সিলে আপনারা আমাকে বিএনপির সভাপতি নির্বাচিত করেছেন। ২০১৬ সালে আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। সেই সময় জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত মনোনয়ন এবং আমাদের প্রিয় নেতা আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু ভাইয়ের সহযোগিতা আমি পেয়েছি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই—আমি ক্ষমতার জন্য নয়, আপনাদের ভালোবাসা ও সেবার ধারাবাহিকতা ধরে রাখার জন্য আপনাদের পাশে থাকতে চাই। আমি চাই সাগরনাল ইউনিয়নে শান্তি থাকবে, মানুষের মধ্যে সম্প্রীতি থাকবে, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে, সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে এসে হয়রানি ছাড়া সেবা পাবে। অসহায়, দরিদ্র, নারী, প্রবীণ ও যুবসমাজ—সবাইকে নিয়ে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই।
আমাদের চা-বাগানের মানুষ অত্যন্ত সহজ-সরল ও পরিশ্রমী। তাদের সুখ-দুঃখের প্রতি আমার সবসময় আলাদা দায়িত্ববোধ রয়েছে। সাগরনালের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষের প্রতি আমার সমান ভালোবাসা ও দায়িত্ব থাকবে।
আপনারা আজ যে কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।
তাই আগামী নির্বাচনে আপনারা আপনাদের বিবেক ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবেন। যদি মনে করেন, এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত আপনাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকতে পারবেন—তাহলে আপনাদের মূল্যবান ভোট ও দোয়া দিয়ে আমাকে আবারও সেবা করার সুযোগ দেবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—সাগরনালের মানুষের শান্তি, সম্মান ও উন্নয়নের জন্য যতটুকু সম্ভব, সর্বশক্তি দিয়ে কাজ করে যাব।
মতবিনিময় সভায় সাগরনাল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ ও যুবনেতা শাহ আলমের যৌথ সঞ্চালনায় ও সাগরনাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী হারিছ আলী, আব্দুল মালিক, আব্দুল জলিল, ডাক্তার আব্দুস সামাদ, ইউপি সদস্য প্রদীপ যাদব, দাদুয়া রবি দাস, আতাউর রহমান, নাজিম উদ্দিন, মাইন উদ্দিন, মুহাজিদ আলী, মানিক ক্ষেত্রী, তৈয়বুর রহমান, ইনতাজ আলী, মাসুক আহমেদ আকাশ ও ফানি ভূষণ দাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুক আহমেদ আকাশ।
এছাড়া বক্তব্য রাখেন সাগরনাল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ, আলাল আহমদ, তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সাগরনাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.