
আব্দুর রব : বড়লেখার কাঠালতলী বাজারের একটি মারামারির ঘটনা সালিশে নিষ্পত্তি করে না দেওয়ার জেরে একপক্ষের লোকজন কর্তৃক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইউনিয়ন বিএনপির ৩ নেতাসহ ৫ ব্যক্তি। এরা হলেন-উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সিনিয়র সহসভাপতি শাহাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এবং ব্যবসায়ি শামিম আহমদ ও ওয়াহিদুল ইসলাম রনি।
সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার থানায় দুই বিএনপি নেতা পৃথক মামলা করেছেন। পৃথক দুই মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।
এরা হলেন- আতিকুর রহমান, হোসাইন আহমদ, ফয়জুর রহমান, মখলিছুর রহমান, মনসুর আহমদ, ফাহিম আহমদ (১), আব্দুল আহাদ, এপলু আহমদ, তানভির আহমদ, নাঈম আহমদ, কয়েছ আহমদ, মামুন আহমদ, আব্দুল্লাহ আল সাইদ, হুমায়ুন রশীদ ও তোফায়েল আহমদ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে কাঠালতলী বাজারে বিবাদিদের সাথে আরেকটি পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান। কিন্তু বিবাদিরা মারামারির ঘটনাটি সালিশে মীমাংসা করে দেওয়ার জন্য দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সিনিয়র সহসভাপতি শাহাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে ছাপ প্রয়োগ করতে থাকেন। বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন থাকায় এই তিন বিএনপি নেতা ও অন্যান্য সালিশগন ঘটনাটি নিষ্পত্তি করতে পারেননি। আদালতে মামলা চলমান অবস্থায় সালিশ বিচার করতে তারা অপারগতা প্রকাশ করেন। এর জেরে ২১ সেপ্টেম্বর রাতে আসামিরা কাঠালতলী বাজারের উত্তর পাশে বিএনপি নেতা শাহাব উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালায়। আগেরদিন রাতে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আসামিরা বিএনপি নেতা দুলাল আহমদ ও আব্দুল জব্বারের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলার শিকার হন ব্যবসায়ি শামিম আহমদ ও ওয়াহিদুল ইসলাম রনি। দুলাল আহমদকে একটি ঘরে আটকিয়ে বেধড়ক মারধর করে। পৃথক ঘটনায় আসামিরা তাদের সাথে থাকা ব্যবসার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার থানায় পৃথক দুইটি মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.