
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিকার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। অভিযানের সময় শহরের স্টেশন সড়ক ও হবিগঞ্জ সড়কে ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৮টি ব্যাবসা প্রতিষ্টানে জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় একটি মিষ্টির দোকানে জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন স্থানীয় জনগণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। রাস্তা বা ফুটপাত দখল করে মালামাল রাখা কিংবা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, 'শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত একটি আধুনিক পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে আমরা অভিযানে নেমেছি। তবে শুধু অভিযান করেই স্থায়ী সমাধান সম্ভব নয়। ব্যবসায়ী, নাগরিক ও সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হতে হবে, প্রশাসনের এই উদ্দ্যোগে সহযোগিতা করতে হবে। তবেই একটি সুন্দর শহর গড়ে তুলা সম্ভব হবে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.