
স্টাফ রিপোর্টার : সীমান্ত দিয়ে আসা মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে ইতিমধ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। জেলা প্রশাসক মহোদয় শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেবেন।
২৭ সেপ্টেম্বর রোববার মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত প্রথম দিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ নির্মূল করে মৌলভীবাজার জেলাকে একটি মাদকমুক্ত ও অনন্য মডেল জেলায় রূপান্তর করতে সরকার ও দলীয় নেতাকর্মীসহ সকলে মিলে একযোগে কাজ করবে। গণমাধ্যমের ভূমিকার বিষয়ে তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা যেন জনস্বার্থ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেন, যাতে অপরাধীরা আগে থেকেই সতর্ক হতে না পারে। জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সম্পৃক্ততার মাধ্যমেই সমাজের এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের পুলিশে সোপর্দ করার পর আদালতের আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হলে, মন্ত্রী বলেনÑআইন ও আদালতের এখতিয়ার সরকারের সুনির্দিষ্ট বিধিমালা এবং নিয়মের মাধ্যমেই পরিচালিত হয়। বিষয়টি যথাযথ নিয়মে সরকারের সংশ্লিষ্ট মহলে জানানো হবে বলে তিনি জানান। সভায় উপস্থিত সকলে সম্মিলিতভাবে আগামীতে মৌলভীবাজারকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে প্রথম সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিটু, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, ৪৬ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্ণেল সরকার আসিফ মাহমুদ, ৫২ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্ণেল আতাউর রহমান সুজন, জেলা বিএনপি আহবায়ক মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.