
স্টাফ রিপোর্টার : চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের মধ্যে চক্ষু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং চক্ষু রোগ প্রতিরোধ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়ান দাতা সংস্থা দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের আয়োজনে দুই ধাপে অনুষ্ঠিত এ কার্যক্রমে চাতলাপুর চা বাগানের মোট ১৫০ জন শ্রমিক ও কর্মচারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে চক্ষু স্বাস্থ্যের গুরুত্ব, সাধারণ চক্ষু রোগের লক্ষণ ও প্রতিরোধ, দৃষ্টিশক্তির সমস্যা শনাক্তকরণ, সময়মতো চক্ষু পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী চশমা ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। পাশাপাশি চক্ষু সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের যথাযথ সময়ে নিকটস্থ চক্ষু সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
দুই ধাপে আয়োজিত কোর্টইয়ার্ড মিটিং-ক্যাসকেড মিটিং সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের মধ্যে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সময়ে চক্ষু সেবা গ্রহণের প্রবণতা বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
চা বাগান এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চক্ষু সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে চক্ষু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.