
স্টাফ রিপোর্টার : যুবসমাজকে খেলাধুলামুখী করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত ও প্রাণবন্ত সমাজ গঠনের লক্ষ্যে মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান-২০২৬’।
সোমবার ২৮ সেপ্টেম্বর মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রতিযোগিতাটি আয়োজন করছে পাওয়ার পালস এরিনা মৌলভীবাজার। সহযোগিতায় রয়েছে মৌলভীবাজার অ্যাথলেটিকস অ্যান্ড কারাতে একাডেমি। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি, ইউকে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২ অক্টোবর শুক্রবার ভোরে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের রিপোর্টিং টাইম ভোর ৫টা এবং সকাল ৫টা ৩০ মিনিটে দৌড় শুরু হবে।
দৌড়টি এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গন থেকে শুরু হয়ে বনশ্রী-বন বিভাগ (নার্সারী) হয়ে দেওরাছড়া চা-বাগানের বদ্ধভূমি হয়ে নির্ধারিত একই পথ অতিক্রম করে পুনরায় এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হবে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন বয়সের পেশাদার ও অপেশাদার রানারদের মধ্যে এ প্রতিযোগিতা নিয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এতে ৫০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিযোগীদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক, মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং রুট পয়েন্টগুলোতে হাইড্রেশন (পানি ও স্যালাইন) স্টেশন রাখা হবে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইউকে’র ক্যান্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর কোষাধ্যক্ষ জাহেদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমির পরিচালক মো: ফয়জুল হক এবং পরিচালক সৈয়দ মো: শিপন আলী। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন রেজওয়ানুর রহমান।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করা প্রতিযোগীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে। নির্দিষ্ট ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য ট্রফির পাশাপাশি মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার রাখার কথা জানিয়েছে আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রতিযোগিতাটি সফল করতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা ও প্রচারের আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.