
আল আমিন আহমদ : জুড়ীতে মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘কমিউনিটি থেকে প্রাপ্ত সেবা ও শিখন পর্ব-২’-এর আওতায় দশম শ্রেণির দলীয় মেন্টরিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে রুম টু রিড বাংলাদেশ-এর ‘জেন্ডার ইক্যুইটি পোর্টফোলিও’ কার্যক্রম।
মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী এবং রুম টু রিড বাংলাদেশ-এর কর্মকর্তা রুবাইয়া সুলতানা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক উপস্থাপনা করেন। একক ও দলীয় নৃত্য, সংগীত, অভিনয় এবং বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তারা এসব সামাজিক সমস্যার নেতিবাচক প্রভাব তুলে ধরেন।
বক্তারা বলেন, মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়ের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থী, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে সংশ্লিষ্টদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.