
লন্ডন প্রতিনিধি : বিশিষ্ট সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ২ অক্টোবর লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
তাঁর আকস্মিক মৃত্যুতে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ফাইনান্স ডিরেক্টর শাহ শাফী, পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম সহ অন্যান্য ডিরেক্টরবৃন্দ এক যুক্ত শোকবার্তায় গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতা বিকাশের অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদী একজন পেশাদার সাংবাদিক হিসেবে দেশ-বিদেশে সমাদৃত ছিলেন। তাঁর সৃষ্টিশীল সাংবাদিকতা ও নতুনত্বের উদ্ভাবনী সক্ষমতা বাংলাদেশের সাংবাদিকতাকে ভিন্ন মাত্রায় উন্নীত করেছে। আমাদের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার অন্যতম পুরোধা এই সাংবাদিকের মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান ও সৃষ্টিশীল গণমাধ্যম ব্যক্তিত্বকে হারালো বলে উল্লেখ করে
শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র ফাউন্ডার্স কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাংলাদেশের শেকড়কে সংবাদ মাধ্যমে তুলে ধরার মধ্য দিয়ে তাঁর উদার, প্রগতিশীল এবং উন্নত দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। তাঁর মতো বৈশ্বিক ও বাস্তব চিন্তাসমৃদ্ধ সাংবাদিকের শূন্যতা সহজে পূরণ হবার নয়।
আমার দৃঢ় বিশ্বাস, তাঁর সৃষ্ট সাংবাদ প্রতিষ্ঠান এবং সাংবাদিকতা ও গণমাধ্যমে তাঁর অনন্য অবদান প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে এবং সাংবাদিকতায় তাঁর পেশাদারিত্ব নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক পুত্র, এক বোন, সহকর্মী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার, স্বজন-সুহৃদ এবং দেশ-বিদেশে অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.