
স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের রাজনগরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজনগর উপজেলা পরিষদের এম. সাইফুর রহমান মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন, সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রূপক চন্দ্র দেব, সদস্য সচিব অশোক সেন, ৫নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপদ বৈদ্যসহ রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং পূজামণ্ডপে কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.