
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হামের লক্ষ্মণ নিয়ে এক বছরের শিশু আবু তালহার মৃত্যু হয়েছে।
১০ অক্টোবর শনিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু তালহা কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
পারিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে শিশু আবু তালহা অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ৪-৫ দিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবার তাকে বাড়ি নিয়ে আসে।
শনিবার শিশুটি আবারও হামের লক্ষ্মণ নিয়ে নতুন করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার্ড করেন। পরবর্তীতে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশু আবু তালহার দাদা তাজু মিয়া জানান, প্রথমে কমলগঞ্জে চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু শনিবার হঠাৎ সে আবার অসুস্থ হয়ে পড়ে। মৌলভীবাজারের ডাক্তার দেখানোর পর দ্রুত সিলেটে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। শিশু অসুস্থ হওয়ার পর চিকিৎসকেরা বলছেন হামের লক্ষ্মণ রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.