স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেশের ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কারপ্রাপ্ত তরুণ-তরুণীদের হাতে ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন। একই সঙ্গে নির্বাচিত যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারা দেশের মতো মৌলভীবাজারেও জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুদানপ্রাপ্ত সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তৌহিদুজ্জামান পাভেল প্রতীকী চেক বিতরণ করেন।
মৌলভীবাজার জেলার অনুদানপ্রাপ্ত ছয়টি যুব সংগঠন হলো—কমলগঞ্জ চা-জনগোষ্ঠী ফোরাম, সোনাটিকি যুব সংঘ (রাজনগর), শ্রীপুর বাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠন (কুলাউড়া), অর্পণ যুব মহিলা কল্যাণ সংস্থা (জুড়ী), বাহারপুর কৃষক যুব কল্যাণ সমিতি (বড়লেখা) এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আশিক মহিউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক ফরহাত নূর, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, বিএনপি নেতা ফখরুল ইসলাম ও কম্পিউটার প্রশিক্ষক হাসান উজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং যুব সংগঠনের প্রতিনিধিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.