
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২৩৫৯)-এর কমলগঞ্জ উপজেলা শাখা শ্রমিক পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর রাত ৯টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীস্থ সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন সহকারী কমিশনার সরোয়ার শোকরানা নান্না ও সদস্য সচিব সৈয়দ জামাল হোসেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নতুন শ্রমিক কার্ড সংগ্রহ ও পুরাতন কার্ড নবায়নের শেষ তারিখ ২৮ অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর, আপত্তি দাখিল ১ নভেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর। মনোনয়নপত্র ১২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। জমা দেওয়ার শেষ সময় ১৩ নভেম্বর বিকেল ৫টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ নভেম্বর, আপিল দাখিল ১৫ নভেম্বর ও নিষ্পত্তি ১৬ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ নভেম্বর।
তফসিলে ২৮ নভেম্বর নির্বাচনী প্রচারণার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ ও নির্বাচনী কেন্দ্রের নাম পরে জানানো হবে। কেন্দ্রের নাম ভোটগ্রহণের তিন দিন আগে প্রকাশ করা হবে বলে তফসিলে উল্লেখ রয়েছে।
নির্বাচন-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সংগ্রহ করতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.