
স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার ৮ নং মনসুরনগর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো: মোনাহিম কবিরের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বানারাই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য মুরুব্বীগণ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মোঃ মোনাহিম কবির মনসুরনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন এলাকার নাজুক ও জরাজীর্ণ রাস্তাঘাটের বেহাল দশার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে অবহেলিত রাস্তাঘাটগুলোর পুনর্র্নিমাণ ও সংস্কার করে যোগাযোগের সুব্যবস্থা নিশ্চিত করা। মনসুরনগর ইউনিয়নের প্রতিটি এলাকাকে সুষম উন্নয়নের আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে এবং তিনি নিজে মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সুবাদে সরকারের উন্নয়নমূলক পদক্ষেপগুলো সরাসরি ইউনিয়নে পৌঁছে দিয়ে ৮ নং মনসুরনগর ইউনিয়নকে একটি আধুনিক ও দৃষ্টান্তমূলক ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে উপস্থিত এলাকাবাসী ও মুরুব্বীগণ তার নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে মো: মোনাহিম কবিরকে পূর্ণ সমর্থন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.