
স্টাফ রিপোর্টার : “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
বুধবার ২৮ অক্টোবর সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, মৌলভীবাজার সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: নাসির উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম, সাংবাদিক এস এম উমেদ আলী, মো: শাহজাহান মিয়া, বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরটিএ-এর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহতের অভিভাবক আবুল হোসেনকে ৫ লক্ষ টাকা ও আহত মো: পায়েল আহমদকে ১ লক্ষ টাকা বিআরটিএ এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.