
শ্রীমঙ্গল প্রতিনিধি : মেয়াদ উক্তীনের দীর্ঘ সাড়ে আট বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) নির্বাচন। এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে শ্রম অধিদপ্তর গঠিত নির্বাচন কমিশন। আগামী ২৮ নভেম্বর শনিবার সারাদেশের চা বাগানগুলোতে বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শুক্রবার ৩০ অক্টোবর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের বিস্তারিত তফসিল প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ ও ৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ এবং ৫, ৬ ও ৯ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্যানেলভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
১২ নভেম্বর বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ১৪ নভেম্বর সকাল ১১টায় প্যানেলভিত্তিক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং একই দিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ও ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা।
নির্বাচনে পঞ্চায়েত কমিটি, প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে প্যানেলভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা হবে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলী—এই দুই ভাগে অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্যানেলগুলোর জন্য ঘোড়া, উড়োজাহাজ, ঠেলাগাড়ি, টিউবওয়েল, চিংড়ি, মাইক, চিরুনি, ময়ূর, ফণীমনসা, আলমারি, আম, সেলাই মেশিন, টেলিফোন, টর্চলাইট, ঢেঁকি, তালা-চাবি, আনারস, জাহাজ, কলস, কাপ-পিরিচ, বই, রেলগাড়ি, মোরগ, ফুটবল, টেবিল, হরিণ, ঘুড়ি ও পানির ট্যাপসহ বিভিন্ন প্রতীক নির্ধারণ করা হয়েছে। একই প্রতীকের জন্য একাধিক প্যানেল আবেদন করলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সব পদের মনোনয়নপত্র প্যানেলভিত্তিকভাবে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ এবং নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত প্যানেলের বাইরে কোনো প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।
এদিকে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের চা-বাগান অধ্যুষিত সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরে তফসিলের অনুলিপি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.