
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ নভেম্বর উপজেলার উত্তরসুর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এতে ১৫ থেকে ২০ হাজারের বেশি ভক্ত ও অনুরাগী অংশ নেন।
সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। পূজা-অর্চনা, কীর্তন ও আরতিসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
পরে ১ হাজার ৫১ কেজি চালের অন্ন এবং সহস্রাধিক পদের নিরামিষ তরকারি ও মিষ্টান্ন দিয়ে তৈরি ভোগ শ্রীকৃষ্ণের উদ্দেশে নিবেদন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দিলীপ কুমার বর্ধন জানান, ভোগ নিবেদনের পর বেলা সোয়া ১টার দিকে এক ঘণ্টার জন্য ভক্তদের ভোগ প্রদক্ষিণের সুযোগ দেওয়া হয়। এরপর ভোগের সব খাবার একত্রে মিশিয়ে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আগত পূবালী ব্যাংকের ম্যানেজার প্রণয় দেবনাথ বলেন, অন্নকুটের এই বিশাল ভোগ দর্শনেও পুন্য হয়। যে কারনে এখান হাজার হাজার মানুষ সমবত হন এবং এ ভোগ প্রদক্ষিণ করেন।
আশ্রমের প্রতিষ্ঠাতা বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলেন, হাজার হাজার বছর ধরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এ উৎসব পালন করে আসছেন। দ্বাপর যুগে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্মরণে অন্নকূট উৎসবের প্রচলন হয়।
তিনি বলেন, ‘এবারও ১ হাজার ৫১ কেজি চালের ভোগ এবং সহস্রাধিক পদের নিরামিষ তরকারি ও মিষ্টান্ন তৈরি করে ঈশ্বরের উদ্দেশে নিবেদন করা হয়েছে।’
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গোবর্ধন পূজার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একটি পৌরাণিক কাহিনি জড়িয়ে আছে। কথিত আছে, বৃন্দাবনবাসী ভালো বৃষ্টি ও ফসলের আশায় দেবরাজ ইন্দ্রের পূজা করতেন। পরে শ্রীকৃষ্ণ তাঁদের ইন্দ্রের পরিবর্তে প্রকৃতি ও জীবিকার উৎস গোবর্ধন পর্বতের পূজা করতে উৎসাহিত করেন।
এতে ক্ষুব্ধ হয়ে ইন্দ্র বৃন্দাবনে প্রবল বৃষ্টিপাত শুরু করলে শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরে বৃন্দাবনবাসীকে আশ্রয় দেন। পরে ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি বন্ধ করেন। সেই ঘটনা স্মরণেই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব পালনের প্রচলন রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.