
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগর থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি দীপ রবিদাস প্রকাশ দূর্বা (৬৫)-কে গ্রেফতার করেছে এসআরবি-৯, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
১১ নভেম্বর বুধবার আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজার এলাকায় নুপুর চৌধুরীর পান দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দীপ রবিদাস রাজনগর চা বাগান (দক্ষিণ সোনাতলা) এলাকার মাধব রবিদাসের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে মৌলভীবাজার জেলার রাজনগর থানার মামলা নং-১৪ (তারিখ: ২২/০৩/২০১৩, জিআর-৫৩/১৩, দায়রা নং-৫০৭/২০১৪) মূলে হত্যা মামলার ওয়ারেন্ট ও যাবজ্জীবন সাজা ছিল। ঘটনার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে জীবনযাপন করে আসছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৯।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.