
স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত আট দিন ধরে নিখোঁজ রয়েছেন আবু হাসান মো. খলিলুর রহমান নামে এক বাংলাদেশি প্রবাসী। তাঁর সন্ধান ও নিরাপত্তা নিশ্চিত করতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ সংশ্লিষ্ট কূটনৈতিক ও প্রবাসীকল্যাণ দপ্তরগুলোতে জরুরি আবেদন জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ আবু হাসানের বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায়। তিনি দুবাইয়ের আল কুজ এলাকায় বসবাস করতেন এবং 'সাদাফ থিল্লাই ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস' নামে একটি প্রতিষ্ঠানে স্টিল ফিক্সার হিসেবে কর্মরত ছিলেন।
গত শনিবার ৭ নভেম্বর পরিবারের সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন আবু হাসান। সেদিন বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি (+৯৭১৫৫৪৯২২৬০৩) বন্ধ পাওয়া যাচ্ছে। দীর্ঘ আট দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দেশে থাকা স্বজনরা।
নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে দুবাইয়ে তাঁর কর্মস্থলের ক্যাম্পে যোগাযোগ করা হলে ফরিদুল নামের এক ব্যক্তি খোঁজ নিয়ে জানানোর আশ্বাস দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। বন্ধু, সহকর্মী ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তাঁর অবস্থান জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত দুবাই পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো নিখোঁজ ডায়েরি বা অভিযোগও দায়ের করা সম্ভব হয়নি।
বিষয়টি জানার পর মানবিক উদ্যোগ নিয়ে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জরুরি ইমেইল পাঠিয়েছেন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। ইমেইলে তিনি আবু হাসানের নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, স্থানীয় পুলিশের মাধ্যমে অনুসন্ধান শুরু এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে মো: মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, বিদেশের মাটিতে একজন বাংলাদেশি নাগরিক এভাবে নিখোঁজ থাকা অত্যন্ত উদ্বেগজনক। একজন বাবার অপেক্ষায় দেশে একটি পরিবার প্রহর গুনছে। তাঁকে নিরাপদে খুঁজে বের করতে কনস্যুলেট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
পাশাপাশি দুবাইয়ের আল কুজ এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ ও সহকর্মীদের প্রতিও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। কেউ আবু হাসানের সন্ধান পেলে ইমেইল pressmuazzambd@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ ও সরাসরি কল (০১৭৯৬-৪৬৩৪৮৫) করে তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.