
শ্রীমঙ্গল প্রতিনিধি : ছেলেকে অপহরণ মামলায় জড়িয়ে জেল খাটানোর অভিযোগ করেছেন পিতা। দাবি জানিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের।
রোববার ১৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গাজীপুর গ্রামের মো. আনোয়ার মিয়া লিখত বক্তব্যে বলেন, প্রতিবেশী ফখরুল ইসলামের মেয়ে তামান্না আক্তারের সঙ্গে আমার ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৫ মিনিটে তামান্না আক্তার প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে একটি ফোন নম্বর থেকে আমার ছেলে আবুল খায়েরকে ফোন করে জানায়, তার বাবা-মা তার ইচ্ছের বিরুদ্ধে অন্যত্র তার বিয়ে ঠিক করেছেন। সে আমার ছেলেকে জানায়, যেহেতেু তাদের আগে থেকেই বিয়ে হয়েছে সেহেতু নতুন করে অন্য কারও সঙ্গে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এ সময় সে আমার ছেলেকে দ্রুত এসে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করে। অন্যথায় আত্মহত্যা করার হুমকিও দেয় বলে পরবর্তিতে আমি জানতে পারি।
ফোন পেয়ে আমার ছেলে শ্রীমঙ্গলের সিন্দুরখান বাজারে তামান্নার সঙ্গে দেখা করে। পরে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখান থেকে অন্যত্র চলে যায়।
এ ঘটনার পর গত ১৭ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তিনি আমার নাম, আমার ছেলে, ভাই ও ভাতিজাসহ পরিবারের মোট পাঁচজনকে আসামি করা হয়।
মামলার সুত্র ধরে এসআরবি ঢাকা থেকে আমার ছেলেকে এবং মৌলভীবাজার থেকে তামান্নাকে পুলিশ আটক করে। পরে তামান্নাকে তার বাবার হেফাজতে দেয় এবং আমার ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১৬ অক্টোবর আমি এবং মামলার অন্য আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন গ্রহণ করি।
আনোয়ার মিয়া বলেন, তামান্না আমার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে তার সঙ্গে স্বেচ্ছায় চলে যায়। আমাদের অজান্তে তারা ইসলামী শরিয়াহ অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে তারা এফিডেফিট এর মাধ্যমে আইনগত বিয়ের কথা ঘোষনা দেন।
এই বিষয়ে তামান্নার নিজের হাতে লেখা একটি চিঠি আমাদের কাছে রয়েছে।
গত ১ অক্টোবর তারিখে লেখা ওই চিঠিতে তামান্না নিজেই তাদের সম্পর্ক ও বিয়ের বিষয়ে উল্লেখ করেছে। চিঠিতে সে লিখেছে, তার পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বিয়ের আয়োজন করায় সে নিজের পছন্দের মানুষের সঙ্গে চলে আসতে বাধ্য হয়েছে। চিঠিতে সে নিজ হাতে স্বাক্ষরও করেছে।
আমরা আরও জানতে পেরেছি, আমার ছেলে ও তামান্না পালিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থান করেছে। আমার ছেলে তার এক চাচাতো ভাইয়ের স্ত্রীর কাছে তামান্নার অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানিয়েছিল বলে আমরা জানতে পেরেছি।
তিনি বলেন, তামান্নার সঙ্গে আমার ছেলের দীর্ঘদিনের সম্পর্কের প্রমাণ হিসেবে আমাদের কাছে তাদের একসঙ্গে তোলা বিভিন্ন অন্তরঙ্গ ছবি ও ভিডিও রয়েছে। তাদের বিয়ে এবং একসঙ্গে অবস্থানেরও ভিডিও ও ছবি রয়েছে। তামান্নার নিজের হাতে লেখা চিঠিতে স্বেচ্ছায় চলে যাওয়া স্বীকারোক্তি রয়েছে। সে অনুযায়ী মেয়েটি নিজের ইচ্ছায় আমার ছেলেকে নিয়ে গেছে।
এ মামলার প্রকৃত সত্য উদ্ঘাটনে তামান্নার নিজের হাতে লেখা চিঠি, তার ব্যবহৃত ফোনের কললিস্ট, বিয়ের কাগজপত্র, ছবি ও ভিডিও এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-প্রমাণ গুরুত্বের সঙ্গে যাচাই করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার কামনা করি।
এবিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে নাবালিকা। তার বয়স ১৪ বছর ৭ মাস। আমার মেয়েকে তারা তাবিজ কবজ করে অপহরণ করে নিয়ে যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.