
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ও ৬খ ধারা লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ১৫ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহফুজুল হক অমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা হোসাইনী।
অভিযানে দেখা যায়, একটি দোকানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি করা হচ্ছে এবং দোকানে সিগারেটের বিজ্ঞাপনসংবলিত ব্যানার টাঙানো রয়েছে। এসব অনিয়মের দায়ে দুটি দোকানের প্রত্যেকটিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারায় বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্যাকেট, কৌটা, খালি বা নমুনা মোড়ক প্রদর্শনসহ কোনো উপায়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ৬খ ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত স্থানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রয় থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, তামাকের ব্যবহার নিরুৎসাহিত করা এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.