
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল খাদ্যপণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ রাসায়নিক ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ‘আল আমিন স্টোর’ নামের প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ১৮ নভেম্বর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজনিন ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, বহুল পরিচিত কাঁচামাল বিক্রেতা প্রতিষ্ঠান আল আমিন স্টোরে তল্লাশি চালিয়ে বেশ কিছু মারাত্মক অসংগতি ও অপরাধের সত্যতা পাওয়া যায়।
এর মধ্যে রয়েছে, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজ বিক্রি, চিনির চেয়ে প্রায় ৩০ গুণ বেশি মিষ্টি ও ক্ষতিকর নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট বিক্রয়, বিরিয়ানিতে বহুল ব্যবহৃত নিষিদ্ধ কেওড়াজল বিক্রয়, মেয়াদোত্তীর্ণ সসসহ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রয়বেনামি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য এবং নকল ও লেবেলবিহীন খাদ্যোপকরণ বিক্রয়।
এ সকল অপরাধের কারণে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে সমস্ত নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়, পরবর্তীতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মো. শাকিব হোসাইন ও সংশ্লিষ্ট দপ্তরের স্টাফবৃন্দ। এছাড়া পুরো অভিযানের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল জেলা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.