
কুলাউড়াপ্রতিনিধি : কুলাউড়ায় কিন্ডার গার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) কর্তৃক আয়োজিত দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে কুলাউড়া উপজেলার কেটিএফ নিবন্ধনভুক্ত ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৮০০ জন শিক্ষার্থী অংশ নেন।
২১ নভেম্বর শনিবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রাথমিক স্তরের কোমলমতি এইসব শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারকার মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে।
পরীক্ষা নিয়ন্ত্রক ও কেটিএফ উপদেষ্টা মোঃ আবুল মনসুর, কেটিএফ সভাপতি সুজিত দেব ও সাধারণ সম্পাদক বাবুল আহমদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্য নিয়ে এই আয়োজন ২০২৫ সালে শুরু করি। এটি দ্বিতীয় আয়োজন। গতবার শুধু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিলেও এবার সাথে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সম্পৃক্ত করেছি। শিক্ষার গুণগত মানন্নোয়ন ও তাদের উৎসাহ-উদ্দীপনা প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ় আশাবাদী। ভবিষ্যতেও এটি চলমান থাকবে বলে তারা আশ্বস্ত করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কেটিএফ উপদেষ্টা আব্দুস সালাম, বিশিষ্ট চিকিৎসক হেমন্ত চন্দ্র পাল, সাংবাদিক আলাউদ্দিন কবির, কেটিএফ উপদেষ্টা সিরাজুল ইসলাম, সহসভাপতি সৈয়দ জাবির হোসেন, আব্দুল খালিক, সহ সম্পাদক মাহবুব খান, জয়ন্ত লাল গোস্বামী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল হোসেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.