
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ভয়াবহ অগ্নিকান্ডে ভবনের দ্বিতীয় তলায় ১১টি কক্ষের মালামাল ভস্মিভূত হয়েছে। একঘন্টা পর ফায়ারসার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, শমশেরনগর বাজারের কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনের দ্বিতীয় তলায় আকস্মিকভাবে অগ্নিকান্ডে মুহুর্তের মধ্যেই পুরো ভবনের ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে প্রথমে কমলগঞ্জ ও পরে শমশেরনগর বিমান বাহিনী ইউনিটে ও মৌলভীবাজারে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের পৃথক তিনটি দল এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষের ভাড়াটিয়া হকার্সদের মালামাল, আসবাবপত্রসহ ভবনের ব্যাপক ক্ষতিসাধিত হয়। ধারণা করা হচ্ছে ভবনসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনী শমশেরনগর ইউনিটের স্কোয়ার্ডন লিডার খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস দল নিয়েএসে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলের সাথে সহযোগিতা করে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ ব্যাপারে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ বলেন, আমরা ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এ সময়ে শমশেরনগর বিমানবাহিনী ইউনিট ও মৌলভীবাজার জেলা সদর থেকে ফায়ার সার্ভিস টিমের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়। তবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট না চুলা থেকে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.