
বিকুল চক্রবর্তী : ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচবে বলে মন্তব্য করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার।
তিনি বলেছেন, মন্দির, সংখ্যালঘু জনগোষ্ঠী কিংবা ভিন্নমতাবলম্বীদের ওপর কোনো ধরনের হয়রানি বা অবিচার হতে দেওয়া হবে না। সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।
২৫ নভেম্বর বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকার শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজন কান্তি সরকার বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেকের মনে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে।
গত নির্বাচনে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপিকে সবচেয়ে বেশি ভোট দেওয়া হয়েছে। আপনারা আগামীতে আমাদের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিএনপিকে ভোট দেবেন। আমরা যদি ভালো কাজ করতে না পারি, তাহলে ভোট দেবেন না, বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতনী সম্প্রদায়ের ব্যাপারে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে বিজন কান্তি সরকার বলেন, তিনি চান, এই বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করুক।
এবারের দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, পূজা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পূজা নিয়ে প্রতিবেশী দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রচারণা থাকলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপের ব্যবস্থাপনা এবং সার্বিক পরিবেশ ছিল প্রশংসনীয়।
প্রধানমন্ত্রী পূজা উপলক্ষে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দলীয় ও সরকারি পর্যায়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই সংখ্যালঘু সম্প্রদায় কিংবা কোনো জনগোষ্ঠীর ওপর অবিচার করা যাবে না। সবাইকে ন্যায্য অধিকার দিতে হবে।
পূজার নবমীতে সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে বিজন কান্তি সরকার বলেন, সাধারণ মানুষ, নারী ও শিশুদের সঙ্গে সেখানে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। পারস্পরিক আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ আমাদের শ্রীমঙ্গল। এখানে বাঙালি সমাজের পাশাপাশি ২৯টি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। প্রত্যেক জাতিগোষ্ঠীরই নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচরণ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে এসব বৈচিত্র্যকে ধারণ করে শ্রীমঙ্গল এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের এই বৈচিত্র্যই শ্রীমঙ্গলের শক্তি। ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীর ভিন্নতা থাকলেও আমরা সবাই এ দেশের নাগরিক। সবার অধিকার সমান এবং সবাইকে নিয়েই শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সনাতনী সমাজ শ্রীমঙ্গলের মুখপাত্র শ্রী যোশেফ দাশগুপ্ত (যশো)।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ প্রমুখ।
সুদীপ দাশ রিংকুর পরিচালনায় সভায় বক্তারা বলেন, জনগণ যে আস্থা ও ভালোবাসা নিয়ে ভোট দিয়েছেন, তার যথাযথ মর্যাদা দিতে হবে। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনাসভা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.