
স্টাফ রিপোর্টার : বড়লেখায় ফুফাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামি ওমর ফারুককে (২৫) নরসিংদী থেকে গ্রেফতার করেছে এসআরবি যৌথ আভিযানিক দল। শনিবার ২৮ নভেম্বর রাতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওমর ফারুক মৌলভীবাজারের বড়লেখা থানার গল্লাসাঙ্গন ছাতুরপাড় এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। এসআরবি-৯, সিপিসি-২ (মৌলভীবাজার) এবং এসআরবি-১১, সিপিএসসি (নারায়ণগঞ্জ)-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহমান (৬৪) সিলেট জেলার বিয়ানীবাজার থানার আরেঙ্গাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। গত ৮ অক্টোবর অসুস্থ শ্যালক দুদু মিয়াকে দেখতে স্ত্রী ও সন্তানসহ তিনি বড়লেখার গল্লাসাঙ্গন ছাতুরপাড় এলাকায় শ্বশুরবাড়িতে যান। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাছ বিক্রির টাকা নিয়ে আসামি ওমর ফারুকের সঙ্গে তাঁর মা মাহবুবা বেগমের কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ওমর ফারুক ফুফা আব্দুর রহমান ও তাঁর স্ত্রীর ওপর ক্ষিপ্ত হন।
এরই জের ধরে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ধারালো দা নিয়ে আব্দুর রহমানের বিশ্রাম নেওয়ার কক্ষে প্রবেশ করেন ওমর ফারুক। তিনি আব্দুর রহমানের বাম কাঁধ ও মাথার পেছনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আহত আব্দুর রহমানকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ৯ অক্টোবর রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ১২ অক্টোবর বড়লেখা থানায় হত্যা মামলা (মামলা নম্বর-০৬, ধারা-৩২৩/৩০২ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন। ঘটনার পর থেকেই এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অবশেষে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসআরবি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.