
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এতে এক গ্রুপের ইফতার মাহফিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান।
১৮ জুন রোববার উপজেলা জনমিলন কেন্দ্র এবং পৌর শহরের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
জানা যায়, রোববার বিকাল ৫ টার দিকে উপজেলা পরিষদের জনমিলন কেন্দ্রে আওয়ামীলীগের উপজেলা কমিটির সভাপতি (একাংশ) আব্দুল মতিন এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর সমর্থকেরা ইফতার মাহফিলে উপস্থিত থাকেন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সিপার উদ্দিন আহমদ, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক প্রমুখ।
এদিকে পৌর শহরের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সফি আহমদ সলমানের সমর্থকেরা ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি (অপরাংশ) নওয়াব আলী ওয়াজেদ খান বাবুর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সৈয়দ বজলুল করিম বিপিএম, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মসুদ আহমদ, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক অধ্যাপক মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান ফজলুর রহমান ফজলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সয়ফুর রহমান সয়ফুল, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মান্না, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ আহবাব হোসেন রাসেল, তাঁতিলীগের আহ্বায়ক মোঃ খালেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নিয়াজুল তায়েফ প্রমুখ।
পৃথক ইফতার মাহফিল সম্পর্কে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান জানান, যারা দলীয় ব্যানার নিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয় তারা দলের জন্য অভিশাপ। কুলাউড়ার তৃণমূল আওয়ামীলীগের হাজারো নেতাকর্মী দলীয় সভানেত্রীর হাতকে শক্তিশালী করতে দলের সভানেত্রীর সিদ্ধান্ত বিদ্বেষী ওইসব সুবিধাবাদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
আলাদাভাবে ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে জানতে চাইলে রফিকুল ইসলাম রেনু জানান, আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যেখানে উপস্থিত থাকেন, সেটিই দলের মূল অনুষ্ঠান। এর বাইরে কে কি করলেন, তা সম্পর্কে আমরা কোন মন্তব্য করতে চাইনা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.