কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনা ইউনিট সিএনজি অটোরিক্সা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ৭ আগষ্ট সোমবার শমশেরনগর ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫টি পদে প্রার্থী হয়েছেন ২৮ জন। মোট ভোটার সংখ্যা ১৭৮ জন। নির্বাচনকে কেন্দ্র করে গাড়িতে করে মাইক লাগিয়ে গান গেয়ে প্রচারনা ও গণ-সংযোগে সিএনজি অটোরিক্সা চালকের এই নির্বাচন জাতীয় নির্বাচনের মত মনে হচ্ছে বলে সচেতন মহলের ধারণা। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটোরিক্সা, মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চট্রগ্রামের নিবন্ধন ২৩৫ এর অন্তুর্ভুক্ত কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনা ইউনিট সিএনজি অটোরিক্সা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার ৭ আগষ্ট।
ইতিমধ্যেই আগের কমিটির মেয়াদ শেষে জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে শমশেরনগরে বর্ধিত আকারে সভা করে শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক ( বাবুল)-কে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছিল। এই নির্বাচনে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ১জন, সাধারন সম্পাদক পদে ১জন, সহ-সাধারন সম্পাদক পদে ১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১জন, অর্থ সম্পাদক পদে ১জন, প্রচার সম্পাদক পদে ১জন, লাইন সম্পাদক পদে ১জন ও সদস্য পদে ৪জন নিয়ে মোট ১৫টি পদে প্রার্থী হয়েছেন ২৮ জন। আর এই ইউনিটের মোট ভোটার হচ্ছেন ১৭৮ জন।
নির্বাচনকে আলোচিত করতে ও প্রাণবন্ত করতে প্রার্থীদের অনুরোধে নির্বাচন পরিচালনা কমিটি ৪ আগষ্ট থেকে ৫ আগষ্ট রাত ১২ পর্যন্ত মিছিলসহ গান গেয়ে মাইকে প্রচারনা চালানোর সুযোগ দিয়েছিল। স্থানীয়ভাবে সর্ব মহলে আলোচনার বিষয় ছিল এ নির্বাচনকে ঘিরে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক (বাবুল) জানান, এ সমিতির নির্বাচন নিয়ে গত দুই বছর ধরে স্থানীয় একটি পক্ষ ও জেলা শাখার সাথে বিরোধ চলছিল। এ নিয়ে ভিন্ন খাতে একাধিক মামলাও হয়েছে। অবশেষে পুলিশ প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও বনিক কল্যাণ সমিতির হস্তক্ষেপে সবার মতামতের ভিত্তিতে নতুন করে নির্বাচন দেওয়া হয়। নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠু করতে উপজেলা প্রশাসনে আবেদন করে প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশি সহায়তা নেওয়া হয়। নির্বাচন পর্যবেক্ষনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। তাছাড়া কঠোর নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হচ্ছে বলে কোন প্রকার উত্তেজনা বা সংঘর্ষে সুযোগ থাকছে না।
শমশেরনগর এ এ টি এম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, আইডিয়াল কেজি স্কুলের শিক্ষক সঞ্জয় দাশগুপ্ত, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল হান্নান প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আসলেই এ নির্বাচনটি স্থানীয়ভাবে আলোচিত। আর এর প্রচারণা গণ-সংযোগ আর আচরণ বিধি দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচনের মতই সবকিছু পালন করা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.