প্রনীত রঞ্জন দেবনাথ॥ স্বামী স্ত্রীর দাম্পত্য কলহে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে শ্বশুর বাড়িতে এসে শ্যালক কর্তৃক ভগ্নিপতি স্মরণ বাউরী কুপিয়ে ১০ টুকরো করে হত্যার ঘটনায় কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় গ্রেফতার ঘাতক সুষেন বাউরী ওরফে শশ ধন বাউরীসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামী করা হয়। ঘাতক সুষেণ বাউরীকে পুলিশ ৩ দিনের রিমান্ডে এনেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে সাতটায় চাতলাপুর চা বাগানের বাউরী টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটলে বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিভিন্ন জাতীয় দৈনিকে এ হত্যাকান্ড নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়।
কুলাউড়া থানার এসআই মোঃ জহিরুল ইসলাম ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, স্মরণ বাউরীর চাচাতো ভাই অনিল বাউরী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার সুষেণ বাউরীসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামী করা হয়। মঙ্গলবার গ্রেফতার হওয়া আসামীকে আদালতে তুলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে সাথে সাথে তাকে এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
এসআই মো: জহিরুল ইসলাম আরও বলেন, লাশের সুরতহালে দেখা যায় স্মরণ বাউরীকে যেভাবে ৯টি টুকরো করা হয় তাকে একজনের একার পক্ষে সম্ভব নয়। নয়টি টুকরো চামড়ার কারণে অল্পের জন্য দেহে যুক্ত ছিল মাত্র। জিজ্ঞাসাবাদে আরও আসামী পাওযা গেলে তাদেরও গ্রেফতার করা হবে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় বলেন, চাতলাপুর চা বাগানে এ হত্যাকান্ড খুব গুরত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। যদি এ ঘটনায় আরও কোন আসামী যুক্ত থাকে তা হলে তাদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.