প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন, বাংলাদেশ এর উদ্যোগে উপজেলা পরিষদ ভবন প্রশাসনিক হলরুমে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (গ.প্র.প্র.) ড. মোঃ আব্দুল হাকিম। দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি প্রদানের পাশাপাশি সারা বিশ্বেও উপমহাদেশে তথ্য অধিকার আইন প্রণয়নের ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয়। এ সময় প্রশিক্ষনার্থীদের তথ্যপ্রাপ্তির আবেদন ফরম পূরণ করিয়ে অনুশীলন করানো হয় এবং তথ্যপ্রাপ্তির চাহিদা সৃষ্টিতে তারা কি ধরণের ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, তথ্য জানার অধিকার মানুষের অন্যান্য মৌলিক অধিকার পূরণের চাবিকাঠি, টেকসই উন্নয়ন এবং সুশাসনের পূর্বশর্ত। স্বচ্ছ, জবাবদিহিতাপূর্ণ ও জন অংশগ্রহণমূলক কল্যাণকামী শাসনব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য। আর তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। এ লক্ষ্যে প্রশিক্ষনার্থীদের বিভিন্ন উদ্যোগ গ্রহন করে যথার্থ প্রচারণা চালাতে আহ্ববান জানানো হয়।
দিনব্যাপী প্রশিক্ষণে সরকারি/বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ ৬০জন প্রশিক্ষনার্থী অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.