বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারের মসজিদ মার্কেট এলাকায় আগুনে তিনটি দোকান ভস্মিভুত হয়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে চান্দগ্রাম বাজারের মসজিদ মার্কেট এলাকার সুনাম স্টোর, বাবুল স্টোর ও ইসলাম উদ্দিনের স্টেশনারী দোকানে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই দোকান ঘরগুলোর ও সকল মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বড়লেখা ফায়ার স্টেশনের অফিসার মুনিম সারোয়ার অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.