
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করাসহ ভিক্ষুকদের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজার জেলা ও জুড়ী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তর ও পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
৮ জুলাই রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে ইউএনও অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেন, জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের টাকা দিয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য তহবিল গঠন করা হয়েছে। কাউকে জোর করে নয়, পুনর্বাসনের মধ্য দিয়ে ভিক্ষাবৃত্তি থেকে লোকজনকে সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথি সাংসদ শাহাব উদ্দিন জুড়ীকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন। তিনি স্বাবলম্বী হওয়ার জন্য ১৯ জন ভিক্ষুকের হাতে সেলাইযন্ত্র ও ব্যবসার পুঁজি হিসেবে নগদ অর্থ তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.